কুমিল্লার হোমনায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবকের বাড়ি ও একটি মাজারে আগুন দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত যুবক মহসিন (৩৫), হোমনা উপজেলার আছাদনগর গ্রামের বাসিন্দা এবং ফকির বাড়ির আলেকশাহের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি ‘বেমজা মহসিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট দেন।
এ ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে এবং মহসিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে এবং তার রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে সকালে বিক্ষুব্ধ জনতা মহসিনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। একইসঙ্গে তার বাড়ির পাশে থাকা একটি মাজারেও অগ্নিসংযোগ করা হয়। আগুনে বাড়ির আসবাবপত্র ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।
ঘটনার পর কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কোনো ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”





