কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোররাতে দাউদকান্দি পৌরসদরের বলদাখাল এলাকায় তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।

ভোর ৬টার দিকে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।



স্থানীয়রা জানান, দাউদকান্দি পৌরসদরের বলদাখাল এলাকার পিয়ার হোসেনের তিনতলা ভবনে অবৈধ গ্যাস সংযোগ ছিল। প্রতি মাসে একটি চক্র এসে গ্যাসের ভাড়া আদায় করত বলে অভিযোগ উঠেছে।



দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনস্পেক্টর মো. এরশাদ হোসেন জানান, খবর পেয়ে ভোর ৫টায় একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তাদের পৌঁছানোর আগেই আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


দাউদকান্দি পৌর প্রশাসক মো. রেদওয়ান ইসাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।