কুমিল্লার লাকসামে একটি টিনশেড মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মাদ্রাসার ৭টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হলেও, মসজিদে তারাবিহ নামাজ আদায় করায় শতাধিক শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছেন।

ঘটনা সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম উপজেলা রেলওয়ে জংশন সংলগ্ন ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঘটে। প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, রাতের নামাজ চলাকালীন হঠাৎ একজন শিক্ষার্থী মাদ্রাসা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন। চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে টিনশেড ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদ্রাসার সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, অগ্নিকাণ্ডে মাদ্রাসার রান্নাঘরসহ ৭টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার বইপত্র, আসবাবপত্র, বিছানা এবং রাতের খাবারের সেহরিও পুড়ে নষ্ট হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী বলেন, গভীর রাতে যদি ছাত্ররা ঘুমোয়ার সময় এই অগ্নিকাণ্ড ঘটে, তবে বড় ধরনের প্রাণহানি ঘটার আশঙ্কা ছিল। আল্লাহর অশেষ রহমতে শিক্ষার্থীরা মসজিদে থাকায় সবাই নিরাপদ রয়েছে।