কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা বিক্ষোভ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে তারা জড়ো হয়ে সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে মিছিল নিয়ে আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়।
নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজি ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা এটিকে ‘অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয়’ দাবি করে এবং সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।
বিক্ষোভকারীরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা হাজি ইয়াছিনের অতীত রাজনৈতিক অবদান, দলে তার ভূমিকা, কর্মীদের পাশে থাকার স্মৃতি ও বক্তব্য শেয়ার করছেন। তাদের অভিযোগ, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহারের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রভাবেই ইয়াছিনকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়েছে।





