বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন কুমিল্লা-১০ আসনে বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

\r\n

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আব্দুল গফুর নির্বাচনি হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের তথ্য উল্লেখ করেননি। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে একই দিন চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতাও বাতিল করা হয়েছিল। তার ক্ষেত্রে কারণ ছিল ঋণখেলাপি।

\r\n

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে নবম ও শেষ দিনের মতো রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কার্যক্রমে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি হয়। একই সঙ্গে পূর্বে অপেক্ষমাণ থাকা আবেদনগুলোও নিষ্পত্তি করা হয়। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

\r\n

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মনোনয়নপত্রের আপিলের মোট সংখ্যা ৬৪৫। এর মধ্যে শুধু শেষ দিনেই ১৭৬টি আপিল জমা পড়ে। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

\r\n

গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়।

\r\n

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।