কুমিল্লা জেলা প্রতিনিধি: ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল কুমিল্লা।
৮ডিসেম্বর ভোর দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা কুমিল্লার কয়েকটি প্রান্ত দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করেন। সেদিন বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেই ঐতিহাসিকতাকে স্মরণ করে প্রতিবারের নয়ায় এবারও কুমিল্লা মুক্তদিবস উদযাপনে কুমিল্লায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ নগরীর টাউনহল ময়দানে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলার উদ্বোধন করা হয়। মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও স্কুল কলেজের শিক্ষার্থীদের সরব উপস্থিতির মধ্য দিয়ে ঐতিহাসিক মূহুর্তের স্মরণে র্যালি সম্পন্ন হয়। সে সময় কুমিল্লা জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ (গোয়েন্দা বিভাগ), বাংলাদেশ স্কাউট সহ নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দল সমূহের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টাউনহল ময়দান থেকে র্যালিটি নগরীর জিলা স্কুলের সম্মুখ অতিক্রম করে কুমিল্লা শহীদ নীরেন্দ্রনাথ স্টেডিয়াম প্রদক্ষিণ করে। র্যালিতে নগরীর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়।





