কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন এবং স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাবর্তন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে দিনটি চূড়ান্ত করা হয়েছে।
সমাবর্তনে অংশগ্রহণের বিষয়ে উপাচার্য বলেন, “২০২০ সালের প্রথম সমাবর্তনে যারা অংশ নেননি, পাশাপাশি ডিসেম্বরের আগেই যাদের স্নাতক সম্পন্ন হয়ে সার্টিফিকেট ইস্যু হবে, তারাও দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে পারবেন।” অনুষ্ঠানটি বর্ণাঢ্যভাবে আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তনে আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফয়েজ।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়েছিল ২০২০ সালের ২৭ জানুয়ারি, যেখানে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন। এবারের সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের স্নাতক পাঁচ বছর মেয়াদি হওয়ায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওই বিভাগের শিক্ষার্থীরা হয়তো এবারের সমাবর্তনে অংশ নিতে পারবেন না।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “দীর্ঘ বিরতির পর আবারও আমরা সমাবর্তনের আয়োজন করছি। যদিও প্রতিবছর আয়োজন করার নিয়ম থাকলেও নানা বাস্তব কারণে তা সম্ভব হয়নি। ভবিষ্যতে আমরা নিয়মিতভাবে সমাবর্তনের আয়োজন করতে পারব বলে আশা করছি।”





