কুমিল্লা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান গণি বিন হাদীর হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন ইনকিলাব মঞ্চের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠকবৃন্দ।
জুম্মার নামাজ আদায়ের পর নেতৃবৃন্দ ওসমান হাদী রাহিমাহুল্লাহর মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করেন। বিক্ষোভে নেতৃবৃন্দ বলেন, “ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে, আজ ১৪তম দিন; ওসমান হাদি শহীদ হয়েছেন, আজ ৯ম দিন। আমরা প্রশ্ন রাখতে চাই—আজ বিচারহীনতার কততম দিন? ইন্টেরিম?”
“রক্তের নদীর উপর যে ইন্টেরিম গদিতে বসেছিল, হাদি ভাই তাঁর শত্রুর সাথেও ইনসাফ করার কথা বলেছিলেন। আজ সেই ইন্টেরিম তার সাথেও ইনসাফে ব্যর্থ হয়েছে।”
“হাদি ভাইয়ের খুনীদের যদি বিচার না করা হয়, আমরা ধরে নেব বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই। স্বাধীনতা, সার্বভৌমত্ব, সততা ও ন্যায়ের জন্য শহীদ হতে হয়, তাহলে আমরাও শহীদ হওয়ার লড়াইয়ে ঝাঁকে ঝাঁকে আবাবিলের মতো অংশগ্রহণ করব, ইনশাআল্লাহ। আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব।”
বিক্ষোভে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ান, এনসিপি কুমিল্লা মহানগর যুগ্ম সমন্বয়কারী ইঞ্জি. মো. রাশেদুল হাসান, কুমিল্লা মহানগরী আপ বাংলাদেশ আহ্বায়ক ডা. লোকমান হোসাইন, সাবেক সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খিজির ফাইয়াজ, সাবেক যুগ্ম সদস্য সচিব সাফি ফাহিম ও অন্যান্য নেতৃবৃন্দ।





