কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফিজিক্স ক্লাব’-এর উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মিঠুন কুমার দাস।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু জীবিকা অর্জনের জন্য নয়, বরং একটি দক্ষ ও মানবিক জাতি গঠনের লক্ষ্যে শিক্ষা প্রদান করে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে ভর্তি হয়েছে। নতুনদের ক্লাস ১২ তারিখ থেকে শুরু হবে উল্লেখ করে তিনি সিনিয়রদের প্রতি আহ্বান জানান, যেন তারা নবীনদের পাশে থাকে এবং সহযোগিতা করে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার নবীনদের স্বাগত জানিয়ে বলেন, তারা মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের জায়গা করে নিয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও পদার্থবিজ্ঞান বিভাগকে আরও সমৃদ্ধ করবে।





