কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৬ শতক জমি নিয়ে স্থানীয় আলতাফ হোসেন ও এরশাদ আলীর অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। নিহতরা হলেন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। এর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। ঘটনায় আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূর মোহাম্মদ এবং তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমি সংক্রান্ত বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সংবাদ লোড হচ্ছে...





