ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতনামা কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে পরিচালক ও অধ্যাপক (নেফ্রোলজি) পদে পদায়ন করা হয়।


এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি ইনসিটু ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতি পান, যা তার পেশাগত দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।


ডা. রাশেদ আনোয়ার ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন।


২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কিডনি রোগ চিকিৎসা, ডায়ালাইসিস সেবা এবং কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।


গবেষণাতেও তিনি সক্রিয়। কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট বিষয়ে তার একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ রয়েছে। পাশাপাশি চিকিৎসা শিক্ষায় একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবেও তিনি পরিচিত।


সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার নেতৃত্বে নিকডুর চিকিৎসাসেবা আরও গতিশীল হবে এবং আধুনিক প্রযুক্তি ও গবেষণায় নতুন গতি আসবে।