বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জামানত হারানোর ভয়ে কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির প্রস্তাব দিচ্ছে।

\r\n

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি : দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

\r\n

মেজর হাফিজ বলেন, “আজব আজব তত্ত্ব দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো কারণ নেই। এবারের নির্বাচন হবে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার নির্বাচন। অথচ কিছু দল পিআর পদ্ধতির কথা বলে সময় নষ্ট করছে। দেশের সাধারণ মানুষ এই পদ্ধতি বোঝে না, তাই বিদ্যমান ব্যবস্থাতেই দ্রুত জাতীয় নির্বাচন জরুরি।”

\r\n

তিনি আরও বলেন, সংবিধান ও অন্যান্য বিষয়ে সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে হওয়া উচিত। সরকারের অধিকাংশ সংস্কার প্রস্তাবে বিএনপি একমত হলেও, নির্বাচন পরিচালনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে। এক বছরের মধ্যে এই বাহিনীর ন্যূনতম সংস্কারও হয়নি।

\r\n

ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনকে ঘিরে দেশ অস্থিতিশীল করার নানামুখী পরিকল্পনা করছেন বলে অভিযোগ করে মেজর হাফিজ জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।