কাশ্মীর সীমান্তে ফের ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। টানা পঞ্চমবারের মতো এই সংঘর্ষে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এই গোলাগুলি হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
\r\nপ্রতিবেদনে বলা হয়েছে, কুপওয়ারা, বারামুলা ও আখনুর সেক্টরে পাকিস্তানি সেনারা অপ্ররোচিতভাবে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এর জবাবে ভারতীয় সেনারা ‘পরিমিত ও কার্যকরভাবে’ প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে।
\r\nগত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ওই হামলায় ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত এলাকায় ছুটি কাটাতে আসা ২৬ জন পর্যটককে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিক এবং একজন কাশ্মীরি স্থানীয় বাসিন্দাও ছিলেন, যিনি হামলাকারীদের কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
\r\nএই মর্মান্তিক ঘটনার পর ভারত সরকার একাধিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, হামলার জন্য দায়ীদের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
\r\nঅন্যদিকে, ইসলামাবাদ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে ‘যুদ্ধের উস্কানি’ বলে অভিহিত করেছে। উল্লেখযোগ্য যে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল, যা বর্তমানে এই সাম্প্রতিক ঘটনার পর আবারও চরম চাপে পড়েছে।
\r\nএখনও পর্যন্ত সীমান্তে সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





