অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সারাবিশ্ব এখন জ্বালানি সংকটে রয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতিও এর ব্যতিক্রম নয়। তিনি বলেন, কিছু ব্যক্তি কালোবাজারে তেল বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন।

\r\n

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

\r\n

তিনি বলেন, “জ্বালানি সংকটের মধ্যে সারাবিশ্ব রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমাদের প্রধান উৎস মধ্যপ্রাচ্য, যা বর্তমানে বন্ধ। এর মধ্যেও সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশ থেকে জ্বালানি আনার চেষ্টা চলছে।”

\r\n

মন্ত্রী আরও জানান, “চিন্তার কোনো কারণ নেই। সরকার সফলভাবে তেল সরবরাহ করছে। প্রতিদিন যে তেল সাপ্লাই হতো, এখনও তা হচ্ছে, এমনকি এর চেয়েও বেশি।”

\r\n

তবে তিনি সতর্ক করেন, “কিছু কালোবাজারি অতিরিক্ত তেল বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। নির্বাচিত প্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। সরকারের পক্ষ থেকে এখন কোনো রেশন বিতরণ করা হচ্ছে না।”

\r\n

শেষে তিনি বলেন, “সবাইকে সংযম বজায় রেখে সরকারের সহযোগিতা করতে হবে। কৃচ্ছতা রক্ষা করতে হবে এবং মিলিতভাবে সমস্যা সমাধান করতে হবে।”