দেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে 'আওয়ামীপন্থি প্রভাব' বিস্তারের অভিযোগ তুলে তাদের ‘সাংস্কৃতিক ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করেছেন বিএনপিপন্থি শিল্পীরা। একইসঙ্গে এদের বিচার দাবি করা হয়েছে।


মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারী শিল্পীরা বলেন, “গত ১৭ বছর ধরে সাংস্কৃতিক অঙ্গনে একচেটিয়া আধিপত্য চালিয়ে আসছে একটি গোষ্ঠী। তারা গত এক বছর কিছুটা নিস্ক্রিয় থাকলেও, ১৫ আগস্টের বিভিন্ন কর্মসূচিতে ফের সক্রিয় হয়ে উঠেছে।”


তারা অভিযোগ করেন, \"বিভিন্ন মাধ্যমে সরকারের প্রশংসা করে তারা বিদেশি অর্থায়নে লাভবান হচ্ছেন এবং এদেশের সংস্কৃতি অঙ্গনকে দলীয়করণ করে নিজেদের নিয়ন্ত্রণে এনেছেন। বিটিভি থেকে শুরু করে এফডিসি পর্যন্ত সবকিছুতে একতরফাভাবে সুযোগ নিয়েছেন। দেশের সম্পদ বিদেশে পাচারেও এদের একটি অংশ জড়িত বলে আমাদের অভিযোগ।\"


জাসাসের নেতৃবৃন্দ আরও বলেন, “বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে তার পরিণাম ভয়াবহ হতে পারে। যারা রাজনৈতিকভাবে দলীয় অবস্থান থেকে সাংস্কৃতিক অঙ্গনকে ব্যবহার করছেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।\"


মানববন্ধনে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিল্পীরা উপস্থিত ছিলেন।