নেপালে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দেশজুড়ে জারি করা কারফিউ ও বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত নেপালি সেনাবাহিনীর পক্ষ থেকে কারফিউ কার্যকর থাকলেও এরপর তা তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সকাল থেকেই স্বাভাবিকভাবে চলতে শুরু করে গণপরিবহন।
রাজধানী কাঠমান্ডু থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে দীর্ঘ রুটের বাস চলাচল শুরু হয়েছে। এমনকি শুক্রবার সন্ধ্যায়ও গঙ্গাবু বাস টার্মিনাল থেকে কিছু যানবাহন ছেড়ে যেতে দেখা গেছে। কাঠমান্ডু উপত্যকার সড়কগুলোতে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
শুক্রবার রাতে রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেলের উপস্থিতিতে শীতল নিবাসে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব পালন করবে।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে তরুণদের প্রতিবাদ একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। ব্যাপক হতাহতের ঘটনায় চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।





