কানাডায় যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। দেশটির টরন্টো শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিবিসি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টরন্টো পুলিশ অপারেশনস জানায়, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোনো সন্দেহভাজনকেও শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে দূতাবাসের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে নরওয়ের রাজধানী অসলো-তে গত রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণের ঘটনাও তদন্ত করছে দেশটির পুলিশ। কর্মকর্তারা ধারণা করছেন, সেখানে তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে ওই ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সঙ্গে এসব ঘটনার সম্ভাব্য কোনো যোগসূত্র থাকতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর টরন্টোতে কয়েকটি স্থাপনায় গুলির ঘটনা ঘটেছে।

গত এক সপ্তাহে শহরের তিনটি ইহুদি উপাসনালয়েও গুলি চালানোর ঘটনা ঘটে। এছাড়া ইরান সরকারের সমালোচক এক ইরানীয়-কানাডীয় নাগরিকের মালিকানাধীন একটি বক্সিং জিমেও সোমবার গুলি চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নরওয়ের পুলিশ ইতোমধ্যে অসলোতে দূতাবাসের বাইরে হওয়া বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।