বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এ দাবিতে রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদরাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আয়োজন করে সংগঠনের ঢাকা মহানগরীর ৪ নম্বর জোন।

সভায় সভাপতিত্ব করেন জোন সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মুহিউদ্দিন রাব্বানী বলেন, কাদিয়ানি সম্প্রদায় মুসলমানদের ঈমান–আকিদা নষ্ট করছে। আলেম–ওলামা ও সাধারণ মুসলমানরা দীর্ঘদিন ধরে তাদের অমুসলিম ঘোষণার দাবি জানালেও সরকার তা উপেক্ষা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি শান্তিপূর্ণ দাবিকে উপেক্ষা করে, তবে প্রয়োজনে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে।”

সভাপতি হাবিবুল্লাহ মিয়াজী বলেন, আগামী ১৫ নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে আহুত আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা জুবাইর আহমদ, মাওলানা রাশেদ বিন নূরসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকমণ্ডলী ও নেতারা।