কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জনাব আতাউর রহমান সরকারকে লক্ষ্য করে ইট নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কসবার গোপিনাথপুর ইউনিয়নের বড়মুড়া গ্রামের পাখি মার্কেট এলাকায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল ১ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বিকেলে পাখি মার্কেটে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী আতাউর রহমান সরকার। অনুষ্ঠানে অন্য এক বক্তার বক্তব্য চলাকালে প্রধান অতিথির আসনে বসে থাকা অবস্থায় পেছন দিক থেকে সন্ত্রাসীরা ইট নিক্ষেপ করে।
নিক্ষিপ্ত ইটটি প্রথমে আতাউর রহমান সরকারের পেছনে থাকা একটি গাছে আঘাত করে এবং পরে তার পাশে বসে থাকা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কসবা থানা সভাপতি আমির হোসাইনের গায়ে আঘাত হানে। এতে আমির হোসাইন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমপি প্রার্থী আতাউর রহমান সরকার বলেন,
“দাঁড়িপাল্লার পক্ষে সাম্প্রতিক সময়ে জনসমর্থনের যে জোয়ার সৃষ্টি হয়েছে এবং আসন্ন নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপির নেতা-কর্মীরা এ ধরনের সন্ত্রাসী আচরণ করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
তিনি আরও বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতি করতে চেয়েছে, তাদের জবাব জনগণ ৫ আগস্ট ২০২৪-এ দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমেও জনগণ আবার এর জবাব দেবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।





