জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট-১ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান জানান, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা একটি গাড়িতে ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ খবর পেয়ে স্থানীয়রা ও বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি দাবি করেন।

স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা বলেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলার সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।