কলম্বিয়ায় শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিম কলম্বিয়ায় বাসটি প্রায় ৪০ মিটার গভীর খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে ১৬ জন শিক্ষার্থী ও বাসচালক রয়েছেন।
মেডেলিনের কাছের বেলো শহরের একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা কলম্বিয়ার ক্যারিবীয় উপকূল ভ্রমণ শেষে বাসে করে ফিরছিলেন। দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। বেলোর মেয়রের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক তা নির্ধারণে কাজ চলছে।
অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার একটি ভিডিওতে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রীকে বলতে শোনা যায়, তিনি ঘুমিয়ে ছিলেন, হঠাৎ চিৎকার শুনে জেগে ওঠেন, এরপর আর কিছু মনে নেই।
জানা গেছে, শিক্ষার্থীরা স্নাতক উদযাপনের অংশ হিসেবে ক্যারিবীয় উপকূলের টোলু ও কোভেনাস শহরে গিয়েছিলেন। দুর্ঘটনার পর গিরিখাত থেকে স্ট্রেচারে করে আহতদের উদ্ধার করা হয়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তরুণদের এমন প্রাণহানি তাকে গভীরভাবে ব্যথিত করেছে, বিশেষ করে যখন তারা পড়াশোনা বা আনন্দ ভ্রমণে বের হয়।





