আন্তর্জাতিক করিডরের নামে সীমান্ত উন্মুক্ত করে দিয়ে দেশের ভৌগোলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি এই উদ্যোগকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে বলেন, “এই করিডর কেবল বাণিজ্যের জন্য নয়, এর মাধ্যমে সীমান্ত এলাকায় নতুন একটি ‘ইসরায়েল’ গড়ে তোলার সুযোগ তৈরি করা হচ্ছে।”

শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, “দেশের জনগণের নিরাপত্তা ও স্বার্থ উপেক্ষা করে সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। করিডরের নামে একটি ভিন্নধর্মী শক্তিকে এখানে স্থান করে দেওয়ার চেষ্টা চলছে। আরাকানদের প্রবেশের সুযোগ সৃষ্টি করে সীমান্তবর্তী এলাকায় সংকট তৈরি করা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি স্পষ্ট ষড়যন্ত্র।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আজ সব বিষয়ে আলোচনা হয়, কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা নেই। এটি একটি অসুস্থ রাজনীতির ইঙ্গিত দেয়। অনির্বাচিত শাসন একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।”

সরকারের পর্যটন নীতির সমালোচনা করে ফজলুর রহমান বলেন, “সেন্টমার্টিনে সাধারণ মানুষ যেতে পারছে না, ফেরি-স্টিমার অকার্যকর অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা হাজার কোটি টাকার ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি শুধুমাত্র অব্যবস্থা নয়, বরং রাষ্ট্রীয় অবহেলার প্রতিফলন।”

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জাতীয় ঐক্য ছাড়া বর্তমান সংকট উত্তরণ সম্ভব নয়। স্বচ্ছ নির্বাচন ও সমঅধিকারের পরিবেশ নিশ্চিত না হলে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে।”

সম্মেলনে ভৌগোলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে আমি জমি কিনতে পারি না, অথচ ভারতের স্বার্থে করিডর দেওয়া হচ্ছে। লাখো মানুষ পানির সংকটে ভুগছে, অথচ সরকার নির্লিপ্ত।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা চাই না বাংলাদেশ গাজায় পরিণত হোক। আমরা চাই না, প্রধানমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হোন। জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু এবং সঞ্চালনা করেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক হামিদ মোহাম্মদ জসিম ও ফোরামের সাধারণ সম্পাদক এরফানুল হক নাহিদ।