জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কমিশন জোর করে কোনো কিছু চাপিয়ে দেবে না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি বলেন, কমিশনের ক্ষমতা নেই সনদ বাস্তবায়ন করার, তবে আলোচনা শেষে কমিশন সরকারকে সুপারিশ করতে পারে।
বৈঠকে প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ড. আলী রীয়াজ বলেন, “সর্বশেষ আলোচনায় নোট অফ ডিসেন্টসহ কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি। খসড়া প্রস্তুত করেছি, যা দলগুলোকে পাঠানো হয়েছিল এবং মতামত নেওয়া হয়েছে। অঙ্গীকার নামা বিষয়ে কিছু আলোচনা হয়েছে। আশা করি বিকেল নাগাদ চূড়ান্ত খসড়া পৌঁছে দেওয়া যাবে।”
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে একাধিকবার আলোচনা হয়েছে বলে তিনি জানান। প্যানেলে ছিলেন দুইজন সাবেক বিচারপতি, তিনজন আইনজীবী ও একজন আইনের শিক্ষক। এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল ও আইন উপদেষ্টা বৈঠকে যোগ দিয়েছেন। ড. আলী রীয়াজ বলেন, “বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দেখা গেছে, জুলাই সনদের কিছু বিষয় অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে।”
\r\n\r\n\r\n
তিনি আরও বলেন, কমিশন নিজস্বভাবে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। বরং বিশেষজ্ঞ প্যানেল ও দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারকে সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ করতে চায়।





