কক্সবাজারের রামুতে মুক্তিপনের দাবিতে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার সুইচ গেইট এলাকায় অভিযান চালানো হয়।
অপহৃত শিশু ইয়াছিন আরাফাত (৬) জোয়ারিয়ানালা ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার মোহাম্মদ জাহেদের ছেলে। অভিযুক্ত নূর হোসেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ঘোনারপাড়া এলাকার বাসিন্দা এবং শিশুর দূর সম্পর্কের চাচা।
ওসি জানান, ১০ মার্চ রাতে শিশুর মা কহিনুর আক্তার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তিনি একজন দিনমজুর। প্রতিদিনের মতো কাঠ কাটতে গিয়ে ঘরে অবুঝ দুই সন্তান রেখে গেলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলে ইয়াছিন আরাফাতকে অপহরণ করে। শিশুকে অজ্ঞাত স্থানে আটক রেখে মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায় ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার সুইচ গেইট এলাকা থেকে নূর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে শিশুকে উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শিশুর পিতার সঙ্গে অপহরণকারীর আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। টাকা আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়েছিল। উদ্ধারকৃত শিশুকে তার মা কহিনুর আক্তারের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর এজাহার প্রাপ্তির পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি।





