যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ৩২ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


\r\n

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে টাকোমা শহরের উত্তর–পশ্চিমের ‘কি পেনিনসুলা’ এলাকার একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পিয়ার্স কাউন্টির শেরিফ অফিসে ‘নো–কন্ট্যাক্ট’ আদেশ লঙ্ঘনের অভিযোগ পেয়ে সকাল ৮টা ৪১ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।


\r\n

পুলিশ জানায়, ওই আদেশের একটি অনুলিপি থাকলেও সেটি তখনো আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন ব্যক্তির কাছে পৌঁছানো হয়নি, তাই তা কার্যকর ছিল না। পরে পুলিশ আদেশটি সরাসরি পৌঁছে দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি বাড়ির বাইরে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন।

\r\n

প্রত্যক্ষদর্শীদের বরাত দি

য়ে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাত শুরু হয় এবং প্রায় তিন মিনিট পর পুলিশ হামলা থামাতে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই সন্দেহভাজন হামলাকারী নিহত হন।


\r\n

ছুরিকাঘাতে আহত তিনজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


\r\n

জানা গেছে, ওই বাড়ির মালিক এক নারী তার ছেলের বিরুদ্ধে এক বছরের ‘নো–কন্ট্যাক্ট’ সুরক্ষা আদেশ চেয়ে আবেদন করেছিলেন। অভিযোগপত্রে তিনি জানান, তার ছেলে তাকে নিয়মিত হুমকি দিত এবং মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিল। তিনি আরও অভিযোগ করেন, ছেলেটি তাকে নির্যাতন করেছিল এবং তার ব্যক্তিগত জিনিসপত্র ও পোষা বিড়ালের ক্ষতি করেছিল।

\r\n

তবে নিহত হামলাকারী ও ছুরিকাঘাতে নিহতদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।