ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে সমাহিত করা হবে। সমাধিস্থলটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ছুটে আসছেন।


শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, সমাধিস্থলে মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসা ফেরদৌস আলম বলেন, “বিপ্লবীর জানাজায় অংশ নিতে এসেছি। তার সমাধিস্থলও দেখলাম। বিপ্লবী হাদি আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। তার বিপ্লবী চেতনাই আমাদের ভবিষ্যতের আন্দোলনকে সফল করবে।”


ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আমিনুল ইসলাম বলেন, “হাদি ভাই এমন একজন তেত্রিশ বছরের যুবক যিনি জাতির জন্য যা বুঝেছেন, আমরা তা পুরোপুরি বুঝতে পারিনি। যতদিন বাংলাদেশ থাকবে, হাদি ভাইও আমাদের মনে থাকবে। যারা দেশের জন্য কাজ করতে চায়, তারা হাদি ভাইয়ের কবরের দিকে তাকালেই শিক্ষা নিতে পারবে। তাই আমরা চাই তাকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হোক।”


চাঁদপুর থেকে আসা মজিবুর রহমান বলেন, “আমরা চাই সরকার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করুক। এছাড়াও দেশের কোনো যুবক যেন হাদির মতো হত্যার শিকার না হয় এবং আর কোনো বিপ্লবীকে জীবন দিতে না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”


\r\n\r\n\r\n\r\n\r\n

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হবে।