আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আলাদা শোকবার্তা প্রকাশ করে।

ইইউ দূতাবাসের শোকবার্তায় বলা হয়, “শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।”

মার্কিন দূতাবাসও একই সঙ্গে শোক প্রকাশ করে। তাদের বার্তায় বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

যুক্তরাজ্য হাই কমিশনের শোকবার্তায় বলা হয়, “তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।”

ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় মারা যান। গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বিবেচিত ছিলেন।