ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় অবস্থিত বাড়িটিতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

\r\n

ঘটনাটি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

\r\n

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

\r\n

এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

\r\n

গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনক পরিস্থিতিতে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

\r\n

এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলেই তার পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।

\r\n\r\n\r\n