ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, জাতিসংঘ মহাসচিব ওসমান হাদির হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ডুজারিক আরও বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এছাড়া ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মহাসচিব সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা কমানোর এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
এর আগে ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ওসমান হাদিকে মাথায় গুলি করে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
শুক্রবার সন্ধ্যায় মরদেহ ঢাকায় আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) পরিবারের ইচ্ছানুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।





