জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদের অপসারণের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাধারণ ঠিকাদার ও এলাকাবাসী।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন আক্কেলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুর রহমান পল্টু, বিএনপি নেতা এম কেরামত আলী, মামুনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করেন, ডা. আবু শফি মাহমুদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলি হয়ে আক্কেলপুরে আসেন। যোগদানের পর থেকে তিনি ওষুধ, পথ্যসহ বিভিন্ন সরবরাহ কার্যক্রম নিজ এলাকা রংপুরের একটি নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন, যার ফলে স্থানীয় ঠিকাদাররা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও দাবি করেন, সরবরাহকৃত সামগ্রী নিম্নমানের হওয়ায় স্বাস্থ্যসেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় বক্তারা “নিজেই রক্ষক, নিজেই ভক্ষক” মন্তব্য করে অবিলম্বে ওই কর্মকর্তার অপসারণের দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত ছয় দফা দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানোর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাতের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, “অভিযোগের কপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হয়েছে।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, “ঠিকাদার এম কেরামত আলীকে কাজ না দেওয়ায় তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এবং আমাকে হেয় করার চেষ্টা করছেন। উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।





