জাপানের দক্ষিণাঞ্চলের ওইতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতে কমপক্ষে ১৭০টি ভবন পুড়ে গেছে। সাগানোসেকি এলাকার একটি আবাসিক মহল্লায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
বুধবার জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, অগ্নিকাণ্ডের কারণে ওই এলাকায় ৩০০টির বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত একজনকে নিখোঁজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়; তদন্ত চলছে। ইতোমধ্যে অন্তত ১৭৫ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, বহু ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং পাহাড়সংলগ্ন এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।
জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি জানিয়েছেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে সামরিক বাহিনীর একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্যে আরও জানা যায়, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা নিয়ে আলোচনা চলছে এবং কিছু এলাকায় এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন পরিস্থিতি অব্যাহত রয়েছে।





