ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।”


শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি।


সারজিস আলম বলেন, “চব্বিশের অভ্যুত্থানের চেতনা, খুনিদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমাদের ঐক্য অপরিহার্য। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হব।”


তিনি আরও বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হবে জনদুর্ভোগ সৃষ্টি না করে। কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। অতীতে পাঞ্জাবি-টুপি পরিহিত ধর্মপ্রাণ মানুষদের হয়রানি করা হয়েছে—এটা আর চলতে দেওয়া যাবে না। দেশ, জনগণ ও শহীদদের বিচার প্রশ্নে আমরা একসাথে লড়ব। আমরা ঐক্যবদ্ধ থাকলে, আর কেউ হাসিনার মতো শাসক হয়ে ফিরতে পারবে না।”


মহাসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এতে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।