এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। তার ডেপুটি হিসেবে থাকছেন শুভমান গিল।
এই দলে জায়গা হয়নি গত কিছুদিনে ফর্মে থাকা পেসার মোহাম্মদ সিরাজের। তবে এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওপেনার শুভমান গিল। আলোচনার কেন্দ্রে থাকা গিলকে দলে রাখার পাশাপাশি উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় চমক দেখিয়েছে নির্বাচক কমিটি।
পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরা। তার সঙ্গে থাকছেন আর্শদীপ সিং ও হার্শিত রানা। অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন বিভাগে আছেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
ভারত এশিয়া কাপে খেলবে গ্রুপ ‘এ’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১০ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এবং ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বে শেষ ম্যাচে খেলবে ওমানের বিপক্ষে।
ভারতের স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), সাঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা, তিলক বর্মা, কুলদীপ যাদব, হার্শিত রানা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, জাসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং ও শিবম দুবে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে ভারসাম্যপূর্ণ একটি দল নিয়েই মাঠে নামছে ভারত।





