বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রেসক্লাবে ৯০-এর ছাত্র গণ-অভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “জাতীয় পার্টি শেখ হাসিনার শাসনামলের সময় সহযোগী ছিল। নব্বইয়ের আন্দোলনেও একইভাবে তারা সরকারের পাশে ছিল। এরশাদ ও শেখ হাসিনা একে অপরের বিরুদ্ধে কথা বললেও চূড়ান্ত মুহূর্তে একত্রিত হয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন। ব্যাংক লুটের ঘটনা শুরু করেছিলেন এরশাদ, চূড়ান্ত রূপ দিয়েছেন শেখ হাসিনা।”
তিনি আরও উল্লেখ করেন, “প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের সাজা হয়েছে। বর্তমান সরকারের আমলে আদালতে কোনো হস্তক্ষেপ নেই। বিচার হচ্ছে ট্রাইব্যুনালের মাধ্যমে। রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম বা খুন এখন নেই, সরকারি হস্তক্ষেপও নেই।”
রিজভী বলেন, “ব্যাংকের টাকা ফেরত না দেওয়া, ঋণ নিয়ে খেলাপী হওয়ার পর পুনরায় ঋণ নেওয়া—এগুলো শেখ হাসিনার সময়ের নীতি।” এছাড়া তিনি বর্তমান সরকারের প্রতি দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।





