২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) থেকে এই কর্মসূচির ফলে দেশের বিভিন্ন স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।

রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, “জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে সমাধান হলে আমরা শ্রেণিকক্ষে ফিরব।”

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষকরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

অধ্যক্ষ আজিজী বলেন, “যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না হবে, আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না।”

সংগঠনের নেতারা জানান, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার “অপর্যাপ্ত ও অবাস্তব”। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।