তিব্বতের মাউন্ট এভারেস্টে তীব্র তুষারঝড়ে আটকা পড়েছেন অন্তত এক হাজার মানুষ। এর মধ্যে ৩৫০ জনকে উদ্ধার করে নিরাপদে কিউডাং শহরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় আটকে পড়েন পর্যটকেরা। প্রবল তুষারপাতের কারণে ওই এলাকার প্রবেশপথ বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজে স্থানীয় শত শত বাসিন্দাও অংশ নিয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যা থেকে সেখানে ভারী তুষারপাত শুরু হয়, যা ক্রমেই ভয়াবহ রূপ নেয়। পর্বতারোহীদের গাইড চেন গেশুয়াং বলেন, তীব্র শীতে হাইপোথারমিয়ার ঝুঁকি বেড়েছে। তিনি বলেন, “এ বছরের আবহাওয়া অস্বাভাবিক। অক্টোবর মাসে এমন তুষারপাত আমি কখনো দেখিনি।”
চীনের উদ্ধারকারী সংস্থা ‘ব্লু স্কাই রেসকিউ’ জানিয়েছে, তুষারঝড়ে বেশ কয়েকটি ক্যাম্পের তাঁবু ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন।
রয়টার্স জানায়, টিংরি কাউন্টির পর্যটন কর্তৃপক্ষ এভারেস্টে সব ধরনের টিকিট বিক্রি ও পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
এদিকে, তিব্বত ও নেপালজুড়ে বিরূপ আবহাওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। নেপালে ভারী বৃষ্টিপাতজনিত ভূমিধস ও আকস্মিক বন্যায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। চীনে টাইফুন ‘ম্যাটমো’র কারণে প্রায় দেড় লাখ মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার। প্রতিবছর বহু পর্বতারোহী সেখানে অভিযান চালান, তবে ঝুঁকিও থাকে ভয়াবহ।





