কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন।


মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি হওয়ার কথা থাকলেও আদালত তা আগামীকাল বুধবার করার দিন নির্ধারণ করেছে।


এর আগে সোমবার (১৯ জানুয়ারি) তিনি নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। বিষয়টি তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী নিশ্চিত করেছেন।


প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তা প্রথমে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে শনিবার (১৭ জানুয়ারি) শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।


মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকায় থাকলেও চেম্বার আদালত গত বুধবার (১৪ জানুয়ারি) দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, তিনি ঋণ পুনঃতফসিল করেছেন, ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই ঋণখেলাপি থেকে মুক্ত হবেন।


আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।


এর আগে ৯ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন কমিশনে হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন। তবে নির্বাচন কমিশন শনিবার তার আবেদন নামঞ্জুর করেছে, ফলে তার মনোনয়ন বৈধ থাকছে।


মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী জানান, আজ শুনানি হওয়ার কথা থাকলেও বিচারক বলেছেন, নির্বাচনসংক্রান্ত মামলাগুলো আগামীকাল বুধবার শুনানি হবে।