বিগত চার মাসের তুলনায় চলতি মাসের শুরুতে সবজির দাম কিছুটা কমলেও, আবার তা বেড়ে গেছে। গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে প্রতিটি সবজির দামই এখন বেশি। বিক্রেতাদের দাবি, গতকালের রাজনৈতিক কর্মসূচির কারণে ঢাকায় সবজির ট্রাক কম এসেছে, ফলে সরবরাহ কম হওয়ায় দামের ওপর প্রভাব পড়েছে।


শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিন বাজারে পটল প্রতি কেজি ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকার ঘরে। শিম ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, পেঁয়াজের ফুল ৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১২০ টাকা এবং করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে।


এ ছাড়া শসা প্রতি কেজি ৮০ টাকা, আলু ৩০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০–৮০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মূলা ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা এবং গাজর ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।


সাপ্তাহিক ছুটির দিনে বাড্ডা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুল আলিম বলেন, “গত সপ্তাহে সবজি কম দামে পেয়েছি, আর আজ একই সবজির দাম ২০–৩০ টাকা বেশি। শীতকালে সাধারণত সবজি সস্তা হয়, কিন্তু এখন সব কিছুর দামই বেশি।”


গুলশান–বাড্ডা লিংক রোডের সবজি বিক্রেতা এরশাদ আলী জানান, “কারওয়ান বাজারে গিয়ে দেখি সব সবজির দাম বেড়েছে। আজ সরবরাহও কম ছিল। তাই বেশি দামে কিনতে হয়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে।”


কাওরান বাজারের সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, “গতকাল রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে সবজির ট্রাক কম এসেছে। শীতের শুরুতে সাধারণত এমন দাম বাড়ার কথা নয়। গত সপ্তাহেও দাম কম ছিল, কিন্তু আজ সরবরাহ কম থাকায় খুচরা বাজারে সবজির দাম বেড়েছে।”