নির্বাচনে জেতার জন্য কোনো দুইনম্বরি পদ্ধতি নেই, ভোট দিয়েই জিততে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. সানাউল্লাহ বলেন, ‘এ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে অগ্রাধিকার দিয়ে নিরপেক্ষতা হারান, তবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন শুধু গণতন্ত্রের পুনরাবর্তন বা ধারা সুসংগঠিত করার বিষয় নয়। জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান—সবই এই নির্বাচনের সঙ্গে জড়িত। সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলাও নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তাই এর গুরুত্ব সবাইকে উপলব্ধি করতে হবে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে দৃঢ় থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ভয়, ত্রাস বা মব কোনো অবস্থাতেই আমাদের কাজকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।