জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন ফাঁসের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এবার তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ হালিমের বিরুদ্ধে ন্যায়ের পাশে না থেকে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন।
\r\nরবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিলা ইসরাফিল লেখেন, “একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার হুমকির মুখে পড়ে।” তিনি ব্যারিস্টার ফুয়াদের উদ্দেশে বলেন, “তিনি আজ ‘সত্য’র মুখোশ পরে একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন।”
\r\nপোস্টে নিলা আরও লেখেন, “একজন নারী যখন সাহস করে মুখ খোলে, তখন সমাজ প্রশ্ন তোলে। কিন্তু যখন একজন আইনজীবী সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন, তখন বোঝা যায়, আইনের লোকেরাও কখনো কখনো ন্যায়ের চেয়ে ক্ষমতার পক্ষে দাঁড়ায়।”
\r\nব্যারিস্টার ফুয়াদ সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছিলেন, নিলা ইসরাফিল ফোনালাপ ‘বিক্রি’ করেছেন। এর জবাবে নিলা তার পোস্টে লিখেছেন, “আপনি যেহেতু গণমাধ্যমে এই কথা বলেছেন, তাহলে নিশ্চয়ই আপনার কাছে প্রমাণ আছে। অনুগ্রহ করে সেটি প্রকাশ করুন।”
\r\nতিনি বলেন, “যিনি আইন জানেন, কিন্তু নারী অধিকার বোঝেন না — তার অবস্থান কোন পক্ষে, সেটি সময়ই বলে দেবে। আমি জানতে চাই, ব্যারিস্টার ফুয়াদ একজন অভিযুক্ত পুরুষের পক্ষে, না সেই নারীর পক্ষে — যিনি নিজের সম্মান রক্ষায় একা লড়ছেন?”
\r\nতবে পোস্টটি প্রকাশের প্রায় আধাঘণ্টা পর তা সরিয়ে নেন নিলা ইসরাফিল। বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ব্যারিস্টার ফুয়াদ।





