বিদ্যুৎ ও পানির সংকটকে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। এর আগে নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরেও জেন-জেনারেশনের তরুণরা একইভাবে রাস্তায় নেমেছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানী আন্তানানারিভোতে হাজারো তরুণ-তরুণী সরকারবিরোধী স্লোগান দিয়ে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সহিংসতা ছড়িয়ে পড়ায় সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজধানীতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। যৌথ নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল অ্যাঞ্জেলো রাভেলোনারিভো টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, “কিছু ব্যক্তি সুযোগ নিয়ে জনগণের সম্পদ ধ্বংস করছে। জনগণ ও সম্পদ রক্ষায় কারফিউ জারি করা হয়েছে, যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বহাল থাকবে।” বিক্ষোভ চলাকালে একটি শপিং মল লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি দুই আইনপ্রণেতার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা ‘আমাদের পানি চাই, বিদ্যুৎ চাই’ শ্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন সড়কে মিছিল করে। পরে আন্দোলন রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। চরম দারিদ্র্যের মধ্যে থাকা মাদাগাস্কারের নাগরিকরা অভিযোগ করছেন, ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশের অর্থনীতি ও নাগরিক জীবনের উন্নয়নে ব্যর্থ হয়েছেন। এর আগে জাতীয় পুলিশের প্রধান জ্যাঁ হারবার্ট আন্দ্রিয়ানতাহিয়ানা রাখোতোমালালা সতর্ক করেছিলেন, আইন ভঙ্গের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ লোড হচ্ছে...





