মাইক্রোসফটের সহ–প্রতিষ্ঠাতা বিল গেটস জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য তিনি দুঃখিত।
গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ বিপুলসংখ্যক এপস্টেইন ফাইলস প্রকাশ করেছে। এসব নথিতে দেখা গেছে, বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ইমেইল বিনিময় ছিল। একটি খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেছিলেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কের সঙ্গে জড়িত ছিলেন। তবে বিল গেটস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “ইমেইলটি কখনো পাঠানো হয়নি এবং তথ্যগুলো মিথ্যা। আমি কোনো সম্পর্কের অংশ নই।”
বিল গেটসের মুখপাত্রও জানিয়েছেন, এপস্টেইন হতাশ হয়ে এমন কল্পনা তৈরি করেছিলেন। বিল গেটস নাইন নিউজকে বলেছেন, ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে পরিচয় হয় এবং পরবর্তী তিন বছরে কয়েকবার নৈশভোজে অংশ নেন, তবে কখনো এপস্টেইনের দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে সম্পর্ক ছিল না।
সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ জানিয়েছেন, এই নথি তাদের দাম্পত্য জীবনের “বেদনাদায়ক স্মৃতি” ফিরিয়ে এনেছে। তিনি বলেন, এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি, যা সাবেক স্বামী ও সংশ্লিষ্টদের দেওয়ার দায়িত্ব।
এপস্টেইন ফাইলসে বহু পরিচিত ব্যক্তির নাম এসেছে, যাদের অনেকেই আগে এসব সম্পর্ক অস্বীকার করেছেন। জেফরি এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে মারা যান, তখন তিনি মানবপাচার ও যৌন অপরাধ মামলায় বিচারের অপেক্ষায় ছিলেন।





