প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রতীকের জন্য শাপলা চাওয়ার বিষয়টি নিয়ে কমিশনে চিঠি দিয়েছে। এখন বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা শেষে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “এনসিপি শাপলা প্রতীকের অন্তর্ভুক্তির জন্য বিধিমালা সংশোধনের চিঠি পাঠিয়েছে। কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেব।”

তিনি আরও বলেন, “শাপলা আগে মাহমুদুর রহমান মান্নার দল এবং নাগরিক ঐক্যের পক্ষেও চাওয়া হয়েছিল। তখন কোনও আলোচনা হয়নি। এবার এনসিপি চেয়েছে, আমরা বিষয়টি বিবেচনা করছি।”

চিঠির যৌক্তিকতা নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, “যে কোনো নাগরিক বা দল চিঠি দিতে পারে। তবে আইনের ব্যত্যয় হলে তা আমরা বিবেচনা করব। এনসিপি তাদের অধিকার জানে এবং চিঠি দিয়েছে। রাজনৈতিক নেতাদের বক্তব্য থাকতেই পারে, আমরা সব শুনব এবং আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ করব।”

নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টার ঐতিহাসিক নির্বাচনের প্রতিশ্রুতির বাস্তবায়ন আমাদের লক্ষ্য। রাজনৈতিক দল আমাদের মূল স্টেকহোল্ডার। যারা নির্বাচনী মাঠে নামবেন, তাদের ফাউল বা অন্য কৌশল নেয়ার সুযোগ থাকবে না। আমরা যথাসম্ভব সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা নেব।”