দেশ নতুন পথে এগিয়ে যাবে, আর ফ্যাসিবাদে ফিরবে না—এই স্লোগান সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে দলটি বিস্তারিত কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচির অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি একটি ইফতার মাহফিল আয়োজন করা হবে। এতে জুলাই বিপ্লবের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতারা, গণমাধ্যমকর্মী, অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন জেলা কমিটির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে দলের এক বছরের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় শহরগুলোতেও ইফতার মাহফিলের আয়োজন করা হবে। সূচি অনুযায়ী ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে বিভাগীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এছাড়া ১২ থেকে ১৪ মার্চ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক ইফতার মাহফিল আয়োজনের কথাও জানানো হয়েছে।