ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটি থেকে একযোগে চার নেতা পদত্যাগ করেছেন। দলের নীতি, আদর্শ ও নৈতিকতার অভাবের অভিযোগ তুলে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে লিখিত পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

পদত্যাগকারী নেতারা হলেন—উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি মঙ্গলবার সকালে পদত্যাগকারী নেতারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে তারা বলেন, “আমরা বেশ কিছুদিন ধরে এনসিপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শের অভাব লক্ষ্য করে গভীর হতাশার মধ্যে থেকে আমরা সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

তবে এ বিষয়ে জানতে চাইলে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম জানান, তিনি পদত্যাগের বিষয়টি সম্পর্কে অবগত নন। কারা বা কী কারণে পদত্যাগ করেছেন, সে সম্পর্কেও তিনি কোনো তথ্য জানেন না।