নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছেন জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যায়িত করে তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ আরও অনেকে। তারা বলেন, নাটোর-৩ আসনের মানুষ এমন কাউকে প্রার্থী হিসেবে মেনে নিতে চায় না, যার অতীত ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে।
এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে একই দাবি জানানো হয়। সেখানে তারা স্পষ্ট করে এনসিপির প্রার্থী পরিবর্তনের আহ্বান জানান।
অন্যদিকে, একই দিনে পৃথক সংবাদ সম্মেলনে এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, তাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে এবং এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।





