ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ প্রার্থী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে।
\r\nনির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ ২৮ লাখ ৪০ হাজার টাকা, ব্যাংকে ৫১ হাজার টাকা এবং ২০ ভরি স্বর্ণের মূল্য ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে তার মোট অস্থাবর ও স্থাবর সম্পদের মূল্য দাঁড়ায় ৭৪ লাখ ৩১ হাজার টাকা।
\r\nহলফনামায় তার স্বামী সম্পর্কেও তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে দেখা গেছে, তার স্বামীর নগদ টাকা ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা, ব্যাংকে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা এবং ১ লাখ ২০ হাজার টাকার আসবাবপত্রসহ মোট ৫৩ লাখ ৪২ হাজার ২৬৮ টাকার সম্পদ রয়েছে। তার স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তি নেই।
\r\nঝালকাঠি-১ আসনে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন—
\r\nবিএনপি মনোনীত রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহমুদা আলম মিতু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, স্বতন্ত্র (বিএনপি) গোলাম আজম সৈকত, জাতীয় পার্টির কামরুজ্জামান খান, জাতীয় পার্টির (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র (বিএনপি) সাব্বির আহমেদ।





