বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভবিষ্যতে শুধুমাত্র নিয়মিত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরাই ছাত্র নেতৃত্ব দেবে। অন্য কোনো জায়গা থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্ব নতুন প্রজন্ম গ্রহণ করবে না।
রোববার দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি ছাত্রদলকে উদ্দেশ করে বলেন, “এই প্রজন্মের সেন্টিমেন্টকে ধারণ করে, তাদের মনের কথা ও সম্মানকে সমীহ করে নেতৃত্ব দিতে হবে। তাহলে ছাত্রদলের অবস্থান আরও শক্তিশালী হবে।”
তিনি আরও বলেন, “ছাত্রের বন্ধু ছাত্র, ছাত্রীদের বন্ধু ছাত্রী। তাই প্রতিটি কলেজেই এখন থেকে রেগুলার শিক্ষার্থীরাই ছাত্র নেতৃত্ব দেবে, এ প্রতিশ্রুতি আমি দিচ্ছি।”
আন্দোলনে শিক্ষার্থীদের অবদানের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, “কোনো সংগঠন ডেকে নামায়নি, বরং নিজেরাই অভিভাবকের হাত ধরে আন্দোলনে নেমেছে তারা। গুম, খুন, এমনকি হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ সত্ত্বেও তারা পিছপা হয়নি। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নুরুল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া প্রমুখ।





