২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনীতদের মধ্যে রয়েছেন—অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া সংগীতে পুরস্কার পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হচ্ছে।