২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের মতো এবারও ভর্তি কার্যক্রম তিন ধাপে সম্পন্ন হবে।

প্রথম ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ জুলাই এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত। এই ধাপের ফলাফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

নীতিমালায় বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কেবল স্থাপন অনুমতি রয়েছে কিন্তু পাঠদানের অনুমতি নেই, সেসব প্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করা যাবে না। একইভাবে অনুমোদিত কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের অনুমোদনহীন শাখা বা বিষয়ের অধীনে ভর্তি করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

আসন্ন ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবে। এ বছর অনলাইন আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে ২২০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

আবেদনকারীদের মধ্যে থেকে মেধা, কোটাভিত্তিক (যদি প্রযোজ্য হয়) এবং পছন্দক্রম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে।